সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে পবিত্র ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে সাতক্ষীরা জেলার মুন্সিপাড়া আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ নুরুন্নবী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, খুলনা অঞ্চলের পরিচালক এবং সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। প্রধান আলোচক হিসেবে দিবসের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক ও সদর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। এছাড়া বদর শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন আগরদাঁড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মাওলানা রুহুল আমিন। এসময় সেমিনারে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বদরের চেতনা ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত, যেখানে ঈমান, ত্যাগ ও আল্লাহর উপর অটুট বিশ্বাসের মাধ্যমে মুসলমানরা বিজয় অর্জন করেছিলেন। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, বদরের শিক্ষাকে ধারণ করে নৈতিকতা, আদর্শ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
প্রধান আলোচক গাজী নজরুল ইসলাম বলেন,বদর সত্য ও মিথ্যার মধ্যে একটি ঐতিহাসিক ফয়সালা ছিল। এই যুদ্ধের মাধ্যমে ইসলাম একটি শক্তিশালী অবস্থান লাভ করে।বদরের যুদ্ধ মুসলমানদের আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি করে এবং ইসলামের দাওয়াতকে নতুন গতি দেয়।এই যুদ্ধ আমাদের শেখায় যে, সংখ্যায় কম হলেও যদি ঈমান দৃঢ় থাকে এবং লক্ষ্য সৎ হয়, তাহলে আল্লাহর সাহায্যে বিজয় অর্জন সম্ভব।
উল্লেখ্য, সেমিনারটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন হাফেজ তালহা মাহবুব। পরে কপোতাক্ষ শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সংগীত পরিবেশিত হয়।





